শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে হাস্যকর উল্লেখ করে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি বা হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত আসতে হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পাসপোর্টের আবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে কেউ আবেদন করতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন। তবে একজন দণ্ডিত আসামির ক্ষেত্রে এ আবেদনের বিশেষ কোনো গুরুত্ব নেই। সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়।
সাজা কার্যকরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর আদালতের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। এ জন্য ভারতের কাছে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।
তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় রায় হয়েছে, পাশাপাশি আরও মামলা বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া অন্যতম স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন